বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে প্রধান বিচারপতিকে আবেদন, দুর্ভোগের চিত্র তুলে ধরলেন আইনজীবী

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : বরাক উপত্যকায় গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের একটি বেঞ্চ স্থাপনের দাবিতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানালেন এক আইনজীবী। গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের প্রবীণ আইনজীবী প্রদীপ দত্ত রায় এই মর্মে বুধবার একটি বিস্তারিত আবেদনপত্র পেশ করে অঞ্চলের মামলাকারীদের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন, বরাক উপত্যকার বাসিন্দাদের ন্যায়বিচার পেতে প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে গুয়াহাটি যেতে হয়, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। যাতায়াত ও থাকার খরচের পাশাপাশি অনেক ক্ষেত্রে আইনজীবীদের বিমানযাত্রার অতিরিক্ত ব্যয়ও বহন করতে হয়, যা আর্থিকভাবে দুর্বল মানুষের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য।

এছাড়াও, ভাষাগত সমস্যাকেও একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে তুলে ধরা হয়েছে। বরাক উপত্যকায় বাংলা ভাষা প্রচলিত হলেও গুয়াহাটিতে অসমিয়া ভাষার প্রাধান্য থাকায় অনেক মামলাকারী সঠিকভাবে যোগাযোগ করতে পারেন না, ফলে মামলার যথাযথ উপস্থাপনা ব্যাহত হয়।

আবেদনপত্রে আরও বলা হয়েছে, এই অঞ্চল থেকে আগত বহু মামলা দেওয়ানি প্রকৃতির হওয়ায় বারবার আদালতে হাজিরা দিতে হয়। কিন্তু আর্থিক ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে অনেকেই শুনানিতে উপস্থিত থাকতে পারেন না, যার ফলে মামলা খারিজ হয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

আইনজীবীর দাবি, বর্তমানে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ে বিচারাধীন মামলার প্রায় ৩০ শতাংশই বরাক উপত্যকা থেকে আসে। ফলে শিলচরে একটি বেঞ্চ স্থাপন করা হলে একদিকে যেমন মামলাকারীদের দুর্ভোগ কমবে, অন্যদিকে মূল আদালতের উপর চাপও হ্রাস পাবে।

উল্লেখ্য, “হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটি, কাছাড় জেলা” নামের একটি সংগঠনও দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে, ডিমা হাসাও জেলার বাসিন্দাদের জন্যও এই বেঞ্চ স্থাপন বিশেষভাবে সহায়ক হবে, যাঁদের বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে গুয়াহাটি যেতে হয়।
এই প্রেক্ষাপটে প্রদীপ দত্ত রায় বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন। আবেদনপত্রের প্রতিলিপি অসম সরকারের মুখ্য সচিব ও আইন সচিবকে প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *