বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : চরম আর্থিক সংকটকে উপেক্ষা করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে সকলকে চমকে দিল শ্রীভূমি জেলার কায়স্থগ্রামের এসভি বিদ্যানিকেতনের কলা বিভাগের ছাত্র সম্রাট পাল। একটি বিষয়ে স্টার মার্কসহ তার এই সাফল্য গরিব পরিবারের এক ছাত্রের অদম্য ইচ্ছাশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
প্রয়াত সুব্রত পাল ও শিখা পালের ছেলে সম্রাট দীর্ঘদিন ধরেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে আসছিল।
সংসারের হাল ধরতে তাকে রাস্তার পাশে সবজি বিক্রি করতে হয়েছে। স্কুল-কলেজের পড়াশোনার পাশাপাশি এই কাজই ছিল তার প্রধান উপার্জনের পথ। তবুও প্রতিকূলতাকে উপেক্ষা করে দৃঢ় মনোবল নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করে এই সাফল্য অর্জন করেছে সে।
সম্রাটের এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে গোটা এলাকায়। আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা তার সাফল্যে গর্বিত। তাঁদের মতে, সম্রাটের এই লড়াই এবং সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সম্রাটের কথায়, “মায়ের ভালোবাসা এবং নিজের কঠোর পরিশ্রমই আমাকে এই সাফল্য এনে দিয়েছে।”



