বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসমে বর্তমানে নথিভুক্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৩৫০ জনে। মঙ্গলবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক রেকিবুদ্দিন আহম cmদের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য তুলে ধরেন দক্ষতা, নিয়োগ ও উদ্যোগমন্ত্রী প্রশান্ত ফুকন।
মন্ত্রী জানান, ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল ১৫,৮২,৯৮৭। এরপর থেকে প্রতি বছর নথিভুক্ত বেকারের সংখ্যা পর্যালোচনা ও হালনাগাদ করা হচ্ছে। বিধানসভায় পেশ করা তথ্য অনুযায়ী, ২০২২ সালে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল ১১,৫৩,৯৭১। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২০,১০,৫১৭ এবং ২০২৪ সালে আরও বৃদ্ধি পেয়ে হয় ২১,১৬,৫৬১। পরবর্তীতে রেজিস্ট্রেশন নবীকরণ না হওয়ায় বহু নাম বাতিল হওয়ায় ২০২৫ সালে এই সংখ্যা কমে দাঁড়ায় ১,৮৮,১৬০। ওই বছরে নতুন করে ২,৪৯,৭৬৫ জন বেকার নাম নথিভুক্ত করেন।
চলতি বছরের জুন মাস পর্যন্ত নতুন করে ৩,৫৫,৭৪১ জন বেকার নিবন্ধন করেছেন। বর্তমানে রাজ্যে মোট নথিভুক্ত বেকারের সংখ্যা ১৫,৪৩,৩৫০। একইসঙ্গে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ১২,৫২,৭৩১ জনের নিবন্ধন নবীকরণ না হওয়ায় তা বাতিল করা হয়েছে বলেও বিধানসভায় জানান মন্ত্রী।
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দেখা যাচ্ছে, নথিভুক্ত বেকারদের মধ্যে ৬,৪৮,৮৯৯ জন স্নাতক এবং ১,১৬,১৫৯ জন স্নাতকোত্তর। এছাড়া ৬২,৫৮১ জনের টেকনিক্যাল ডিপ্লোমা এবং ৬৫,৯৮৯ জন টেকনিক্যাল স্নাতক ডিগ্রিধারী হলেও এখনও কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বিধানসভায় প্রকাশিত এই পরিসংখ্যান রাজ্যে কর্মসংস্থানের বর্তমান চিত্রকে নতুন করে সামনে এনেছে।



