এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : বরাক উপত্যকায় কয়লা সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে ফের উঠল গুরুতর প্রশ্ন। সোমবার কালাইন চা-বাগান এলাকায় NL 01 AF 4580 নম্বরের একটি ওভারলোড কয়লা বোঝাই ষোল চাকার লরি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও দুর্ঘটনার পর সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
ওভারলোড লরির দাপটে গ্রামীণ সড়কও ধ্বংসের মুখে
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত লরিটির ইন্সুরেন্স ২০২৫ সালেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। অভিযোগ, বৈধ ইন্সুরেন্স ছাড়াই প্রায় ৮০ টন ওজনের কয়লা নিয়ে সরু গ্রামীণ সড়ক দিয়ে চলাচল করছিল লরিটি। গুমড়া সেতু বিকল থাকায় লরিটি বড়খলা টোল গেট হয়ে বরাকে প্রবেশ করেছে বলে জানা গেছে। অথচ বড়খলা-কালাইন সড়কের বেহাল অবস্থার কারণে ২০ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে একাধিক চেকগেট ও নজরদারি ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এত ভারী কয়লা বোঝাই লরি কালাইনে পৌঁছল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
স্থানীয়দের অভিযোগ, সিন্ডিকেট চক্রের মদতেই রাতের অন্ধকারে নিয়মিত ওভারলোড কয়লাবোঝাই লরি বরাক উপত্যকায় প্রবেশ করছে। সোমবারের দুর্ঘটনা সেই অবৈধ কারবারকেই ফের প্রকাশ্যে এনে দিয়েছে বলে তাঁদের দাবি।
এদিকে, ওভারলোড লরির চলাচলে কালাইন বাজার থেকে কালাইন চা বাগান পর্যন্ত সদ্য নির্মিত সিসি ব্লকের গ্রামীণ সড়কটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের পর নির্মিত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কয়লা পরিবহণের নিয়মিত রুটে পরিণত হলে দ্রুত বেহাল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।



