গাড়ির ভেতর মিলল চার ভাইয়ের লাশ, শোকে স্তব্ধ পরিবার

Spread the news

১৪ মে : একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চার ভাইয়ের মরদেহ। এই হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওমান দেশে। মৃত চার ভাই বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন মোঃ রাশেদ, মোঃ শাহেদ, মোঃ সিরাজ ও মোঃ শহিদ। তাঁরা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে কর্মরত ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তাঁরা। কেনাকাটা শেষে ফেরার পথে ওমানের মুলাদ্দা এলাকায় পার্ক করা গাড়ির ভেতর তাদের নিথর অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় স্থির ছিল। এতে এসি বা ইঞ্জিন থেকে কোনও ধরনের বিষাক্ত গ্যাস গাড়ির ভেতরে জমে যেতে পারে, যা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে তাদের মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণ রয়েছে— তা নিশ্চিত হতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

নিহতদের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও পরিবারের সদস্যরা যোগাযোগ করেছেন, যাতে দ্রুত মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

পরিবারের সদস্যরা জানান, বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরেক ভাই সম্প্রতি বিয়ে করে আবার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। দেশে ফেরার আনন্দে দুই ভাইয়ের কেনাকাটার প্রস্তুতি শেষ পর্যন্ত রূপ নেয় এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। ঘটনার খবর রাঙ্গুনিয়ায় পৌঁছানোর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *