বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : মরিগাঁও জেলার ভেলৌগুড়ি থানার অন্তর্গত চেনিমারির ব্রহ্মপুত্র নদীর জলে ডুবে ১ ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার আব্দুল মজিদ নদীর অপর পাড়ে চরে কাজ করতে যান। সেখান থেকে ফেরার পথে তিনি ব্রহ্মপুত্রে মাছ ধরতে নামেন। সেই সময় তিনি জলে পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে নিখোঁজ হন।
পরিবার ও স্থানীয়দের খবর পেয়ে ভেলৌগুড়ি থানার পুলিশ ও এসডিআরএফ-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রবিবার এসডিআরএফ বাহিনী নিখোঁজ বেয়াল্লিশ বছর বয়সী আব্দুল মজিদের মৃতদেহ উদ্ধার করে। আব্দুল মজিদ শলমারি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরিগাঁও সিভিল হাসপাতালে প্রেরণ করে। এদিকে এই ঘটনা সম্পর্কে ভেলৌগুড়ি পুলিশ তদন্ত শুরু করেছে।



