মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ আগস্ট: দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজের ও গুণগত মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি অব্যাহত রেখেছেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রশারপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরাবাজার এলাকার প্রধান সড়কের চলমান নির্মাণ ও উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকল্পের ম্যানেজারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। নির্মাণকাজের অগ্রগতি, কাজের মান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করা এবং সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে তিনি খোঁজ নেন।
রাস্তার বিভিন্ন অংশ ঘুরে দেখার সময় বিধায়কের নজরে আসে, নির্মাণকাজে ব্যবহৃত মাটি, পাথর ও অন্যান্য সামগ্রী রাস্তার দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর ফলে পথচারী, মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিধায়ক সংশ্লিষ্ট ম্যানেজারকে রাস্তার পাশে পড়ে থাকা মাটি, পাথর ও অন্যান্য প্রতিবন্ধকতা দ্রুত অপসারণের নির্দেশ দেন। তিনি বলেন, উন্নয়নমূলক কাজের মূল উদ্দেশ্য মানুষের জীবনযাত্রা সহজ করা, নতুন করে দুর্ভোগ সৃষ্টি করা নয়। তাই নির্মাণকাজ চলাকালীন জনসাধারণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে।
বিধায়ক আরও বলেন, সরকারি প্রকল্পে স্বচ্ছতা, গুণগত মান এবং সময়মতো কাজ সম্পন্ন করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অর্থে নির্মিত প্রতিটি প্রকল্প দীর্ঘস্থায়ী ও কার্যকর হওয়া প্রয়োজন। কোনও ধরনের গাফিলতি বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন আমিনুর রশিদ চৌধুরী। এলাকাবাসী দ্রুত সড়কের কাজ শেষ করার পাশাপাশি নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার দাবি জানান। তাঁদের বক্তব্য, প্রতিদিন কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ বহু মানুষ এই সড়ক ব্যবহার করেন।
বিধায়ক স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাঁদের আশ্বস্ত করে বলেন, জনগণের সুবিধা ও নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। “জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার,” বলেন তিনি।



