বরাক তরঙ্গ, ৩ জুলাই : জাটিঙ্গা নদীর তীরবর্তী এলাকার জনসাধারণ যেন আগামী দু’দিন নদীর জল ব্যবহার না করতে সতর্ক করল কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শুক্রবার বড়খলা ও উধারবন্দ কেন্দ্রের একাধিক স্থানে মাইক যোগে এ সতর্কবাণী ঘোষণা করে কর্তৃপক্ষ। উল্লেখ্য, জাতিঙ্গা সেতুর পাশে ফরমালিন বহনকারী একটি ট্যাঙ্কার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। যার ফলে গাড়িতে থাকা ফরমালিন নদীর জলে মিশে যায়। ফরমালিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই জাটিঙ্গা নদীর তীরবর্তী জনসাধারণকে সতর্ক করা হয় আগামী দু’দিন নদীর জলে না নামার জন্য এবং নদীর জল পান না করা, রান্না না করা, বা গবাদি পশুকে পান না করানো।
জানা যায়, ডিমা হাসাও জেলার হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা সেতুর কাছে বৃহস্পতিবার বিকেলে একটি ফরমালিনবাহী ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত ট্যাঙ্কার চালক সইফুল হক (৩২) হাফলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



