
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার শহরের ১০ নম্বর ওয়ার্ডে সংঘটিত এই অগ্নিকাণ্ডে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ঘরের আসবাবপত্র, মূল্যবান সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র ও নগদ টাকা-পয়সা সহ সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে যায়। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, প্রয়াত রঞ্জিতকুমার রায়ের জায়গায় নির্মিত ভাড়াটে ঘরগুলির একটি থেকে আগুনের সূত্রপাত হয়। বুধবার দুপুরে আচমকাই একটি ঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে। পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যদিও বিপদের মধ্যেও আরও দুটি গ্যাস সিলিন্ডার কোনওক্রমে বাইরে বের করে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে নিশি নমশূদ্র, অঞ্জলি দাস, রাণু দাস, কৃষ্ণ রায় ও বিশাখা নমশূদ্রের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

এদিকে, খবর পেয়ে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেও পাম্প মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আগুন নেভানোর কাজে কিছুটা বিলম্ব ঘটে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। বিশেষ করে সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরকমিশনার পূজা দাস, তাঁর স্বামী সজলেন্দু দাস এবং স্থানীয় যুবকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা শুরু হয়। শেষ পর্যন্ত সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর থানার পুলিশকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর সার্কল অফিসার বিকাশ ছেত্রী এবং ডিডিএমএর ফিল্ড অফিসার সন্দীপ দে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলার পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। সার্কল অফিসার ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।



