পাথর খাদানে বড় ধস! কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৭ শ্রমিক

Spread the news

৩ জুলাই : বেঙ্গালুরুর পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে খাদানে কাজ চলাকালীনই আচমকা ওপর থেকে বিশালাকার একটি পাথর নীচে ধসে পড়ে । আর তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৭ জন শ্রমিকের। এই ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, মাডাপাট্টানা গ্রামে অবস্থিত ওই খাদানের মালিকানা ‘কাবেরী কোম্পানি’র। এদিন সকালে যখন খাদানের নীচের অংশে শ্রমিকরা কাজ করছিলেন, তখন ওপরের দিকের একটি অংশ থেকে মাটি সরে গিয়ে ৪০ ফুট উঁচু থেকে পাথরটি শ্রমিকদের ওপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক শ্রমিকের কথায়, সেই সময় ঘটনাস্থলে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাতই বিকট শব্দে পাথরটি নীচে ভেঙে পড়লে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। মৃত ও আহত শ্রমিকদের বাড়ি মূলত মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির খোঁজ নেন প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি কোনও বিস্ফোরণের জেরে হয়নি, বরং মাটির ক্ষয় বা ধসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘খাদানটি সমস্ত সরকারি নিয়ম মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে পুরো রাজ্যে পাথর খাদান সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হবে।’ নিরাপত্তার গাফিলতি ছিল কিনা, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কী কারণে ধস নামল, তা জানতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *