২৩ মে : চিনের কিনইউয়ান কাউন্টির একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটল। শুক্রবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে উত্তর চিনের শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯০-এ পৌঁছেছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি চিনের সবচেয়ে প্রাণঘাতী কয়লাখনি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
চিনের রাষ্ট্রপতি Xi Jinping আহতদের চিকিৎসা এবং উদ্ধারকাজে “সর্বোচ্চ প্রচেষ্টা” চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেন তিনি।
চিনের প্রধানমন্ত্রী Li Qiang একইসঙ্গে দ্রুত ও সঠিকভাবে তথ্য প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, খনিটির দায়িত্বে থাকা কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রকাশিত ফুটেজে দেখা যায়, হেলমেট পরিহিত উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নিচ্ছেন। ঘটনাস্থলের পাশে একাধিক অ্যাম্বুল্যান্সও মোতায়েন ছিল।
পিপলস ডেইলির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৫৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে মোট ৮৭০ জন চিকিৎসাকর্মী, উদ্ধারকর্মী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা যায়, দুর্ঘটনার সময় ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।



