বরাক তরঙ্গ, ২৩ মে : পশ্চিম বিলাসীপাড়ার দুইবারের প্রাক্তন বিধায়ক আলি আকবর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের কোরবানি এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাঁকে আটক করা হয়। অভিযোগ, পুলিশ বাধা দিলে পুলিশকেও “কোরবানি” দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক। পরে পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে প্রায় দুই ঘণ্টার অভিযানের পর তাঁকে আটক করে। এরপর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ধুবুড়ি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার দেবাশিস বরুয়া এক সাংবাদিক সম্মেলনে জানান, “আগামী ঈদ-উল আজহার কোরবানি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন আলি আকবর মিয়া। ঈদের সময় গরু কোরবানিতে পুলিশ বাধা দিলে পুলিশকেও কোরবানি দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি।” আজ সকালে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ধুবড়ি সদর থানায় উপস্থিত হন এসএসপি দেবাশিস বরুয়া। তিনি জানান, আলি আকবর মিয়াকে আদালতে পেশ করা হবে। এছাড়াও ধুবড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোমাতা নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করা তিন যুবককেও আটক করেছে পুলিশ।
অন্যদিকে, শহরের আইজি রোড এলাকা থেকে ৯০ কিলোগ্রাম নিষিদ্ধ মাংসসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান জ্যেষ্ঠ পুলিশ সুপার দেবাশিস বরুয়া।
ঈদের আগে ও ঈদের সময় যাতে কোনও দুষ্কৃতী ধুবড়িতে অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে ধুবড়ি পুলিশ। প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ধুবুড়ি জেলা পরিষদের সভানেত্রীর স্বামী আলি আকবর মিয়াকে গ্রেফতারের পর জ্যেষ্ঠ পুলিশ সুপারের স্পষ্ট বার্তা, “ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১”-এর বিরোধিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ আদালতে হাজির করানো হবে প্রাক্তন বিধায়ক আলি আকবর মিয়াকে। অভিযোগ, ঈদের সময় কোরবানি নিয়ে পুলিশ বাধা দিতে এলে সেই পুলিশকেই বেঁধে কোরবানি দেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছিলেন বিলাসীপাড়ার প্রাক্তন বিধায়ক তথা এবারের বীরশিং জারুয়া কেন্দ্রের পরাজিত AIUDF প্রার্থী আলি আকবর মিয়া।



