পুর নির্বাচনে সব ওয়ার্ডে প্রার্থী দিতে সংগঠন মজবুত করার আহ্বান জিতু বড়গোঁহাইয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : আগামী দিনে রাজ্যের বিভিন্ন পুরসভা নির্বাচনে অসম গণ পরিষদের (অগপ) শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে এখন থেকেই সাংগঠনিক ভিত মজবুত করার আহ্বান জানালেন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি তথা আসাম অ্যান্টি ড্রাগস প্রভেনশন কাউন্সিলের উপাধ্যক্ষ জিতু বড়গোঁহাই। বিশেষ করে সোনাই ও লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার লক্ষ্যে সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে নেশামুক্তি কেন্দ্র ও সামাজিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রবিবার রাতে শিলচরের একটি অভিজাত হোটেলে বরাক ভ্যালি ডি-অ্যাডিকশন সেন্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জিতু বড়গোঁহাইকে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের সম্পাদক দীপ ভট্টাচার্য, গুড্ডু কুমার সিং ও সালেহ আহমেদ লস্কর-সহ অন্যান্যরা তাঁকে সম্মাননা জানান। সংবর্ধনার জবাবে জিতু বলেন, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় যুব পরিষদের নেতা-কর্মীরা সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি শিলচর পুর নিগম নির্বাচনে অগপ-র দুই প্রার্থীর জয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আগামী সোনাই ও লক্ষ্মীপুর নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করার পরামর্শ দেন। তাঁর মতে, প্রতিটি ওয়ার্ডে সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে পারলেই নির্বাচনে ভালো ফল সম্ভব।

মাদক সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, শহরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন। প্রশাসনের পাশাপাশি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এবং সামাজিক সংগঠনগুলিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এদিন যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর জানান, শ্রীভূমিতে নতুন জেলা কমিটি গঠন ও নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই কেন্দ্রীয় নেতৃত্বের বরাক সফর। কাছাড় জেলা যুব পরিষদের সভাপতি রূপন মোদকও আগামী নির্বাচনের আগে জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর কথা জানান। অনুষ্ঠানে আয়াজ উদ্দিন বড়ভূইয়া-সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *