ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধার ২৪টি মরদেহ, নিখোঁজ ২৯ শ্রমিক

Spread the news

২৩ নভেম্বর : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা হয়েছে ২৪টি মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন ২৯ জন শ্রমিক। তাঁদের সন্ধানে সোমবার সকালে ফের তল্লাশি অভিযান শুরু করার কথা জানিয়েছে প্রশাসন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পশ্চিম জাভার বানতেন প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া নামের কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তিনতলা ভবনটির বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। রবিবারও কারখানার ভেতরে আগুনের অবশিষ্ট অংশ নেভানো এবং ভবনটি ঠান্ডা করার কাজে নিয়োজিত ছিলেন দমকলকর্মীরা।

এদিকে, নিখোঁজ শ্রমিকদের সন্ধানে চলা উদ্ধার অভিযান রাতের জন্য স্থগিত রাখা হয়। বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুরনিয়াওয়ান স্থানীয় সংবাদমাধ্যম মেট্রো টিভিকে জানান, সোমবার সকালে ফের তল্লাশি অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে।

কারখানাটির মূল সংস্থা পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া জানান, শনিবারের শিফটে কারখানায় প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৬৫ জন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ জানায়, ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন নিরাপদে বাড়ি ফিরেছেন এবং চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ২৯ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। বাকি আটজনের অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান জোরদার করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *