মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ফি ৬৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং স্বাস্থ্যমন্ত্রীর অবিবেচক মন্তব্যের তীব্র সমালোচনা এআইডিএসও-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : অসম সরকার কর্তৃক রাজ্যের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ফি একলাফে মাত্রাতিরিক্তভাবে ৬৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যে অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এআইডিএসও-এর অসম রাজ্য কাউন্সিল।

সম্প্রতি অসমের মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের ভর্তি ফিজ বাইশ-সাতাশ হাজার টাকার পরিবর্তে ১ লক্ষ টাকা করার স্বপক্ষে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেছেন যে, বেসরকারি মেডিকেল কলেজে যেহেতু চল্লিশ লক্ষ টাকা ফি নেওয়া হয়, তাই সরকারি মেডিকেল কলেজের এই ফি বৃদ্ধি নিয়ে অযথা জলঘোলা করা উচিত নয়। এআইডিএসও-র পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে, স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য দেশের স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবীদের আদর্শ ও চিন্তার সম্পূর্ণ পরিপন্থী। একটি কল্যাণকামী রাষ্ট্রে নাগরিকদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিনামূল্যে নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে বেসরকারি মুনাফালোভী প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত অহেতুক ও অযৌক্তিক মন্তব্য করেছেন, যার জন্য অবিলম্বে তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, আমাদের দেশে জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা এখনো অনেক কম এবং এক্ষেত্রে আসাম ভারতের মধ্যে অন্যতম পিছিয়ে পড়া রাজ্য। এমন পরিস্থিতিতে রাজ্যে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আরও বেশি সংখ্যক সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্থাপন করে বিনামূল্যে চিকিৎসক তৈরির উদ্যোগ গ্রহণ করা জরুরি ছিল। তা না করে উল্টে আকাশছোঁয়া ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া এবং তার সপক্ষে যুক্তি দাঁড় করানো অত্যন্ত নিন্দনীয় ও ছাত্রস্বার্থ বিরোধী। এর ফলে রাজ্যের সাধারণ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন চিরতরে ধ্বংস হয়ে যাবে।

এআইডিএসও অসম রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবি জানায় অবিলম্বে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের বর্ধিত ৬৩ শতাংশ ফি প্রত্যাহার করা, আগের নির্ধারিত হারেই শিক্ষার্থীদের কাছ থেকে ফি সংগ্রহ করা, ইতিমধ্যে যে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে বর্ধিত হারে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে, অবিলম্বে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করা।
সরকার যদি অবিলম্বে এই ছাত্রবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তবে এআইডিএসও রাজ্যের ছাত্রসমাজকে সাথে নিয়ে আগামী দিনে আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *