পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার দুই যুবকের মৃতদেহ

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসমের তেজপুরের নিজ হলেশ্বর এলাকায় মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনায় পুকুরে ভাসমান অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় পলক গগৈ এবং তপন দাস বলে জানা গেছে। তাঁদের দু’জনেরই বাড়ি তেজপুরের বরুয়া চুবুরি এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, পুকুরে দুটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এদিকে, মৃতদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার হয়েছে। তবে কী কারণে বা কী পরিস্থিতিতে দুই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই যুবকের পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *