স্বাধীনতা দিবসের প্রাক্কালে গুয়াহাটিতে ১০০ কোটির বেশি মূল্যের মাদক উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে গুয়াহাটিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল অসম পুলিশ। শুক্রবার মহানগরীর দুটি পৃথক অভিযানে ১০০ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ছয়মাইলের চচল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

পুলিশ সূত্রে জানা গেছে, চচলের ওম রেসিডেন্সির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আলমারির ভিতরে রাখা লাল ব্যাগ থেকে প্রায় ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। বিশেষ সূত্রের ভিত্তিতে পুলিশ আধিকারিক কল্যাণ পাঠকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ঘটনায় পঞ্জাবের বাসিন্দা হরদীপ সিং নামে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা। মণিপুর থেকে হেরোইন নিয়ে হরদীপ গুয়াহাটিতে এসেছিল এবং সেখান থেকে গাড়িতে করে মাদক পঞ্জাবে পাচারের পরিকল্পনা করেছিল বলে তদন্তকারীদের দাবি। গত দুই-তিন দিন ধরে সে গুয়াহাটিতে অবস্থান করছিল।

পুলিশ আধিকারিক কল্যাণ পাঠক জানান, হেরোইন সংগ্রহের পর পাঞ্জাব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হরদীপ। সেই খবরের ভিত্তিতেই সকালে চচলের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মাদক লাল ব্যাগে ভরে আলমারির ভিতরে রাখা ছিল। ঘটনায় এসটিএফ থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত এগোলে আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার গভীর রাতে গুয়াহাটির আন্তঃরাজ্য বাস টার্মিনাসের কাছেও মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। একটি ট্রাক আটক করে ১০টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা হেরোইন এবং ১ লক্ষ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯.৪ কোটি টাকা।

পরপর এই অভিযানে বড়সড় সাফল্যের পর অসম পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পুলিশের এই সাফল্যের কথা তুলে ধরে রাজ্যে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার বার্তা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *