মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শ্রীভূমি শহরে কয়েকদিন ধরে ঘোলা ও অস্বাস্থ্যকর পানীয়জল সরবরাহের অভিযোগে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) বিভাগের বিভাগীয় অভিযন্তা মনদ্বীপ করের সঙ্গে বৈঠক করে অবিলম্বে বিশুদ্ধ পানীয়জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে।
কংগ্রেসের অভিযোগ, লঙ্গাই জলশোধনাগার থেকে সরবরাহ হওয়া পানীয়জল অত্যন্ত ঘোলা হওয়ায় তা ব্যবহার ও পান করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা এই জল ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ উঠেছে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, গত কয়েকদিন ধরে সাধারণ মানুষ ঘোলা জলের অভিযোগ নিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। পানীয়জলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবায় এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে বিশুদ্ধ ও নিরাপদ পানীয়জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও জানান, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ পান্না এদিন অসম বিধানসভায়ও বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর নজরে এনেছেন।
বৈঠকে তাপস পুরকায়স্থ লঙ্গাই জলশোধনাগারের আধুনিকীকরণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও জানতে চান। জবাবে বিভাগীয় অভিযন্তা মনদ্বীপ কর স্বীকার করেন যে ঘোলা জল সরবরাহের বিষয়টি তাঁদের নজরে এসেছে। তিনি জানান, এটি সাময়িক সমস্যা এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। পাশাপাশি তিনি বলেন, লংগাই জলশোধনাগারের আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রকল্পের কাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্য রয়েছে।
এদিকে, জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত চৌধুরী জনস্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, শুধু ঘোলা জল নয়, শহরের বহু পুরনো পাইপলাইন ভাঙা ও ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। জল সরবরাহের সময় পাইপ ফেটে বিপুল পরিমাণ জল অপচয় হচ্ছে, আবার সরবরাহ বন্ধ থাকলে ওই ফাটল দিয়ে নোংরা জল পাইপলাইনে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির।
তিনি আরও অভিযোগ করেন, ভাঙা পাইপলাইন থেকে জল বেরিয়ে আসায় শহরের বিভিন্ন রাস্তারও ক্ষতি হচ্ছে এবং যান চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব বিষয় বিভাগীয় অভিযন্তার সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।
প্রতিনিধি দলে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ ছাড়াও শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত, ধ্রুবজ্যোতি দাস, অহিরঞ্জন দে-সহ দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন।



