বরাক তরঙ্গ, ১ নভেম্বর: প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিলচরের ২৬ নম্বর ওয়ার্ডের কনকপুর দ্বিতীয় খণ্ডের মহাদেব বাড়ি রোডে কনক সংঘের উদ্যোগে আয়োজিত হতে চলেছে সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পূজা। আগামী ৭ নভেম্বর, শনিবার পূজার শুভারম্ভ হবে।
এবারের পূজায় দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘তান্ত্রিক গুহা’। এই অভিনব থিমকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে পূজামণ্ডপ। মণ্ডপসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের কাছে এবারের পূজাকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তোলার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা।

দীপাবলির পবিত্র রাতে মা শ্যামাকালীর আরাধনার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন, বিশেষ আরতি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। পূজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সংঘের সদস্যরা।

এ উপলক্ষে সংঘের সহ-সভাপতি মৌসম পাল, দেবাশিস দাস ও সুমন রায়, সহ-সম্পাদক সুমিত রায়, সুকোমল সরকার, অঙ্কিত রায় ও অন্তু পাল, কোষাধ্যক্ষ মৌমিক রায় এবং সন্দীপ দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের ভক্ত, দর্শনার্থী ও বাসিন্দাদের পূজায় উপস্থিত থেকে মা শ্যামাকালীর আশীর্বাদ গ্রহণ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।



