দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ মে : বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে নজরুল মঞ্চের ব্যবস্থাপনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করে পার্করোডে কবির পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে সঙ্গীত, নৃত্য ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিলচর নজরুল মঞ্চ, অগ্নিবীণা নজরুল একাডেমি, সম্মিলিত লোকমঞ্চ, ইয়াসি, সারদা সঙ্গীত বিদ্যালয়, রূপম সাংস্কৃতিক সংস্থা এবং শিলচর সঙ্গীত বিদ্যালয়। এছাড়াও শহরের আরও কয়েকটি স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নিয়ে নজরুলচর্চার প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করে।
তবে নজরুল মঞ্চের আহ্বানে কয়েকটি সংস্থা সক্রিয়ভাবে অংশ নিলেও শহরের বেশ কিছু পরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুপস্থিতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। প্রতিবছর ২৫ বৈশাখ ঘিরে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়, তার তুলনায় নজরুলজয়ন্তীর উদযাপনে তুলনামূলক কম সাড়া পাওয়াকে অনেক অভিভাবক ও সাংস্কৃতিক কর্মী দুঃখজনক বলে মনে করছেন।
সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বহু শিল্পী, শিক্ষক ও সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর দাস, তাপস শঙ্কর দেব, সীমা পুরকায়স্থ, দেবাশিস চন্দ, সঞ্জীব রাই, প্রবীর ভট্টাচার্য, শর্মিষ্ঠা দাস চাকী, উত্তম সরকার, মিলন লস্কর, কল্যাণ পাল, দেবশ্রী নাথ, অনিদিতা ধর প্রমুখ। শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে এবং বিদ্রোহী কবির সাহিত্য ও সঙ্গীতের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে সহায়ক হয়।
নজরুল মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজন করা হবে, যাতে শহরের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো নজরুল সাহিত্য ও সঙ্গীতচর্চাকে আরও বিস্তৃতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে।



