শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার রাজু রায়

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : শিলচরে ৯ বছর বয়সি এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মূল অভিযুক্ত রাজু রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে হোজাই থেকে ফেরার পথে শিলচরের মধুরাপুল এলাকা থেকে ৩২ বছর বয়সি ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি কাছাড় জেলার শিলচরের থার্ড লিংক রোডের ৫ নম্বর গলিতে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, রাজু রায় শিশুটিকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন। শিশুটির মায়ের দাবি, অভিযুক্তকে শিশুটি ‘বাবা’ বলে সম্বোধন করত। এই অভিযোগ সামনে আসার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি একটি অডিও রেকর্ডিংকে কেন্দ্র করে ঘটনাটি নতুন করে আলোচনায় আসে। ওই অডিওতে শিশুটিকে অভিযুক্তের কাছে নির্যাতন বন্ধ করার অনুরোধ জানাতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিশুটির নিরাপত্তা এবং পুলিশের প্রাথমিক ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে।

জানা গেছে, গত ১১ নভেম্বর শিশুটির পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে অভিযোগ, প্রাথমিক পর্যায়ে পুলিশ যথাযথ ও সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেনি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিতর্ক তীব্র হলে কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস তদন্তকারী আধিকারিক অনন্ত সিনহা ও পুলিশকর্মী হরিপদ রায়কে সাসপেন্ড করেন। পাশাপাশি তিনি নিজেই তদন্তের তদারকির দায়িত্ব গ্রহণ করেন।

অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতারের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *