পশু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ বিএসএফ জওয়ানের সন্ধান মিলল বাংলাদেশে

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : অবশেষে বাংলাদেশে সন্ধান মিলেছে নিখোঁজ বিএসএফ জওয়ান কে বেণুর। সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে পড়া সীমান্তরক্ষী বাহিনীর এই কনস্টেবলকে বাংলাদেশের অমলশিদ গ্রাম থেকে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় জওয়ানকে জীবিত উদ্ধারের খবরে বিএসএফ-সহ নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাঁর পরিবারবর্গের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, উদ্ধার হওয়া জওয়ান কে বেণুকে বর্তমানে বিজিবির অমলশিদ সীমান্ত ফাঁড়ির (বিওপি) শিবিরে রাখা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁকে বিএসএফের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, কাছাড় জেলার কাটিগড়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের হরিনগর সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন কনস্টেবল কে বেণু ও হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব। রবিবার গভীর রাতে সীমান্তে টহল দেওয়ার সময় ৪-৫ জনের একটি সন্দেহভাজন পশু পাচারকারী দলের গতিবিধি তাঁদের নজরে আসে। তাদের আটকাতে এগিয়ে গেলে বিএসএফ জওয়ানদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন পাচারকারীরা নদীর জলে ঝাঁপ দেয়।

পাচারকারীদের ধরতে দুই জওয়ানও নদীতে ঝাঁপ দেন। যদিও হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে নিরাপদে নদীর পাড়ে উঠতে সক্ষম হন, কিন্তু প্রবল জলস্রোতে ভেসে নিখোঁজ হয়ে যান কনস্টেবল কে বেণু। এরপর সোমবার ভোররাতে বিএসএফের কোম্পানি কমান্ডার বিষয়টি পুলিশকে জানান।

জওয়ান নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং নদী পুলিশ সীমান্তবর্তী নদীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।

এরই মধ্যে বাংলাদেশে জওয়ানকে জীবিত উদ্ধারের খবর সামনে আসে। বিজিবির উদ্যোগে তাঁর নিরাপদ উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে বিএসএফের অন্দরমহল থেকে শুরু করে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মঙ্গলবার আনুষ্ঠানিক হস্তান্তরের পর তাঁকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *