বরাক তরঙ্গ, ৮ মে : কাটিগড়ায় ক্লাসরুমে গলায় কিছু একটা আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হওয়া ছাত্র তথা পাঁচ বছরের শিশু শাকিবুল আলমের জানাজা সম্পন্ন হয়েছে এক শোকাবহ পরিবেশে। বৃহস্পতিবার গভীর রাতে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ গঙ্গাপুরস্থিত নিজ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অসংখ্য মানুষের উপস্থিতিতে শাকিবুলের জানাজা অনুষ্ঠিত হয়। গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। শাকিবুলের অকাল মৃত্যুতে এখনও স্তব্ধ কাটিগড়া ও আশপাশের এলাকার মানুষ।

এ মর্মান্তিক ঘটনার পর উপত্যকা জুড়ে চর্চা শুরু হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু ঘটল এ নিয়ে এক চর্চা চলছে। প্রথমে জানা গিয়েছিল বোতলের ঢাকনা গলায় আটকে গিয়ে মৃত্যু হয়। পরবর্তীতে জানা যায়, চিপস বা নুডলস আটকে মৃত্যু ঘটে। তবে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। দ্বিতীয়ত চর্চা ও নিন্দার মুখে পড়েছেন স্কুলের অধ্যক্ষা ও দুই শিক্ষিকা। সমাজ মাধ্যমে তিনজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা উগরে দিচ্ছেন নেটিজেনরা। কেননা, সিসি ক্যামেরার ফটোজে দেখা গেছে শাকিবুল যখন অসুস্থ হয়ে পড়ে তখন এক খুদে দুই শিক্ষিকাকে জানালে তারা পাত্তা দেয়নি। গল্পে মশগুল ছিলেন। পরবর্তীতে স্কুলের অধ্যক্ষা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিবরণ তুলে ধরার সময় হাসি আটকে পারছিলেন না। এমন অমানবিক কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে নেটিজিনরা। এবং ধিক্কার জানায়।

এদিকে, শাকিবুলের মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শিশুটির পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিও জোরদার হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কাটিগড়ার হলি ফ্লাওয়ার নামে বেসরকারি স্কুলে শ্রেণিকক্ষে কেজি ওয়ানের ছাত্র শাকিবুল আলম শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।



