বরাক তরঙ্গ, ৮ মে : তিনসুকিয়ায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে তিনসুকিয়া জেলা কারাগারের নিকটবর্তী ককরাতলি এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ককরাতলির বাসিন্দা পোনাকণ দাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযুক্ত ব্যক্তি আত্মীয়ের বাড়ির পিছনে এবং জঙ্গলের ভিতরে মাদকদ্রব্য লুকিয়ে রেখেছিল। এমনকি কয়েকটি গাঁজার প্যাকেট মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বলেও জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মাদক ব্যবসা চলছিল। অবশেষে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনায় পোনাকণ দাসকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তিনসুকিয়ার এএসপি পরীক্ষিত লাহন এবং সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুরঞ্জয় বরার নেতৃত্বে পুলিশের একটি বৃহৎ দল এই অভিযান পরিচালনা করে। তবে উদ্ধার হওয়া গাঁজা কোথায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তদন্তকারী দল।
অভিযানে অংশ নেওয়া এক পুলিশ আধিকারিক জানান, “গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ২০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ২০০ কেজিরও বেশি হতে পারে। তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”



