বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার জালালপুর বিশ্বম্ভরপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেল এক মহিলার বসতবাড়ি। এই অগ্নিকাণ্ডে আশারানি দাস নামে ওই মহিলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ হঠাৎ করেই বাড়িটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির সমস্ত আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



