আচমকাই পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর, ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদিকে, কারণ ঘিরে জোর জল্পনা

Spread the news

১৩ অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন এল মুরুগান। ইস্তফা দিয়েছেন রাজ্যসভার সাংসদপদ থেকেও। আচমকাই এই পদত্যাগ ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, মোদী মন্ত্রিসভায় রদবদল নিয়ে যে জল্পনা চলছে গত কয়েক মাস ধরে, তা খুব শীঘ্রই বাস্তবায়িত হতে পারে। সম্ভবত তার জন্যই এই পদত্যাগ। যদিও এই দাবি আনুষ্ঠানিক সমর্থন মেলেনি কোনও পক্ষ থেকে।

তবে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরুগান নিজে জানিয়েছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে সংগঠনে সময় দেওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন মুরুগান। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতমাতা এবং তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। একজন দিনমজুরের সন্তান থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়াটা আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি।’ তাঁর সংযোজন, ‘এখন আমি একেবারে তৃণমূল স্তরে মানুষের কাছে ফিরে যেতে চাই। আমাদের দলের কর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করার কাজে পূর্ণ সময়ের জন্য নিজেকে নিয়োজিত করতে চাই।’

প্রসঙ্গত, মুরুগান ২০২১ সালে প্রথম বার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচি হন। এর পরে ২০২৪ সালে দ্বিতীয় বারের জন্য তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *