বরাক তরঙ্গ, ১১ মে : জাতীয় নিওনেটাল রিসাসিটেশন প্রোগ্রাম (এনআরপি) দিবসে ঐতিহাসিক সাফল্যের সাক্ষী থাকল দেশ। রবিবার সারা ভারতে একদিনে ১১০০টি ওয়ার্কশপের মাধ্যমে প্রায় ২৩ হাজার চিকিৎসক ও নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেয় অসমও। রাজ্যের মোট ১৯টি কেন্দ্রে সফলভাবে এনআরপি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
রাজ্যের লাখিমপুর, যোরহাট, তেজপুর, তিনসুকিয়া এবং ধুবড়ি মেডিক্যাল কলেজে একটি করে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ (এএমসিএইচ) এবং শিলচর মেডিক্যাল কলেজে (এসএমসিএইচ) দুটি করে কোর্স পরিচালিত হয়।

রাজধানী গুয়াহাটিতে সর্বাধিক ৬টি কেন্দ্রে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল জিএমসিএইচ, প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ, এআইআইএমএস, বি. নিওটিয়া হাসপাতাল, এনএফ রেলওয়ে মালিগাঁও এবং সত্রিবাড়ি হাসপাতাল।

এছাড়াও নলবাড়ি ও নগাঁওয়ের বেসরকারি হাসপাতাল, হাইলাকান্দি ও করিমগঞ্জ সিভিল হাসপাতালেও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকায় শিলচর মেডিক্যাল কলেজ, শ্রীভূমি সিভিল হাসপাতাল এবং হাইলাকান্দি সিভিল হাসপাতালে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসক ডাঃ পিনাকি চক্রবর্তী জানান, “এনআরপি প্রশিক্ষণ নবজাতকের মৃত্যুহার কমাতে এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”



