বরাক তরঙ্গ, ১১ আগস্ট : লোকসেবা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল অসম সরকার। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বিস্তারিতভাবে জানান।
মন্ত্রিসভায় প্রাক্তন হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের চৌহদ্দিতে তাজ গেটওয়ে হোটেল স্থাপনের জন্য অসম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মধ্যে প্রস্তাবিত লিজ ডিডের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া APDCL ও APGCL-কে অয়েল গ্রিন পাওয়ার লিমিটেডের সঙ্গে ২৫ বছরের জন্য নামরূপের ২৫ মেগাওয়াট সৌর পিভি প্রকল্প থেকে প্রতি ইউনিট ৩.৪৫ টাকা হারে বিদ্যুৎ ক্রয়ের জন্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (PPA) সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
বি জি-রাম জি প্রকল্পের আওতায় ইন্টারলকিং পেভার ব্লক রাস্তা, মহিলাদের নেতৃত্বাধীন গ্রামীণ বাজার, বিদ্যালয় চত্বরের সীমানা প্রাচীর, শ্মশান ও বিশ্রামাগার, কমিউনিটি ভবন, ব্যায়ামাগার, স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এবং ব্যক্তিগত সুবিধাভোগী প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম কিস্তি হিসেবে বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (BTR)-এর জন্য ৪৫০ কোটি টাকা ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, BTR-কে মোট ৯০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব ছিল।
গুয়াহাটির ‘এরোট্রোপলিস স্যাটেলাইট সিটি’ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের ক্ষেত্রে ২,১০০ কোটি টাকা ব্যবহারের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি অসম কারাগার বিধি এবং অসম সুপারিনটেনডেন্ট ও কারাগার ব্যবস্থাপনা (পরিপূরক ব্যবস্থা) বিধি, ২০২২-এর অধীনে কারাগারগুলির তদারকি ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, বছরে ১০ লাখ টাকা পর্যন্ত লাভ বা আয় করা ক্ষুদ্র চা চাষিদের কৃষি আয়কর দিতে হবে না। এছাড়া অসমের রাজ্যিক OBC তালিকায় অন্তর্ভুক্ত, কিন্তু কেন্দ্রীয় OBC তালিকায় অন্তর্ভুক্ত নয়—এমন ছয়টি সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিদের নির্ধারিত রাজ্যিক ফরম্যাটে OBC Non-Creamy Layer (NCL) শংসাপত্র দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন নিয়েও নতুন সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চাকরি পাওয়ার ছয় মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জমা দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছয় মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট না এলেও চাকরি নিয়মিত হয়ে যাবে। তবে যোগদানের পর প্রথম ছয় মাস পর্যন্ত চাকরি প্রভিশনাল থাকবে।
আধার কার্ড তৈরির সময়সীমাও বাড়ানো হয়েছে। মরাণ-মটক জনগোষ্ঠীর মানুষ ৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড তৈরি করতে পারবেন।
মুখ্যমন্ত্রীর ‘জীবন প্রেরণা’ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে ১১৮.৫৮ কোটি টাকার বাজেট বরাদ্দে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ এছাড়া CM-FLIGHT প্রকল্পের অধীনে বিদেশি ভাষা প্রশিক্ষণ এবং বাস্তবায়ন অংশীদারদের সংশোধিত পারিশ্রমিক কাঠামোতেও অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, তিন মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করলে ৩০ হাজার টাকা, ছয় মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করলে আরও ৩০ হাজার টাকা, প্রশিক্ষণ শেষ করে বিদেশি ভাষা দক্ষতা পরীক্ষার শংসাপত্র জমা দিলে ৪০ হাজার টাকা এবং নিয়োগের পর প্রার্থীদের সহায়তার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে।



