এসকে রায় সিভিল হাসপাতালের পরিষেবা ঘাটতি দূর করার দাবি এসইউসিআই-র

Spread the news

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিভিন্ন ঘাটতি দূর করা, পর্যাপ্ত চিকিৎসক-নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং হাসপাতালের সামগ্রিক পরিষেবার মানোন্নয়নের দাবিতে স্মারকপত্র প্রদান করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর হাইলাকান্দি জেলা সংগঠক কমিটি। মঙ্গলবার সংগঠনের একটি প্রতিনিধি দল হাসপাতালের সুপারিনটেনডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে স্মারকপত্র তুলে দেয়। হাইলাকান্দির যুগ্ম স্বাস্থ্য পরিষেবা সঞ্চালকের উদ্দেশে স্মারকপত্রটি হাসপাতালের সুপারিনটেনডেন্টের মাধ্যমে প্রদান করা হয়।

সংগঠনের অভিযোগ, জেলার বিপুল সংখ্যক সাধারণ ও আর্থিকভাবে দুর্বল মানুষ চিকিৎসার জন্য এই সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। কিন্তু চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে রোগী ও তাঁদের পরিজনদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। পর্যাপ্ত পরিষেবার অভাবে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য শিলচর বা অন্যত্র যেতে বাধ্য হতে হচ্ছে বলেও সংগঠনের দাবি।

সম্প্রতি হাসপাতালে এক শিশুর মৃত্যুর ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই। শিশুটির চিকিৎসায় কোনও ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। চিকিৎসা, ওষুধ, সরঞ্জাম, জরুরি সাড়া কিংবা জনবলের কোনও ঘাটতি ঘটনার সঙ্গে যুক্ত ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার আহ্বান জানানো হয়।

স্মারকপত্রে শিশু বিভাগ, মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ ও প্রসূতি, অ্যানেস্থেশিয়া, অর্থোপেডিক্স ও রেডিওলজি-সহ গুরুত্বপূর্ণ বিভাগে পর্যাপ্ত সংখ্যক স্থায়ী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টার জরুরি পরিষেবা আরও শক্তিশালী করা এবং স্টাফ নার্স, পরীক্ষাগার কর্মী, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় কর্মীর শূন্যপদ দ্রুত পূরণের দাবি জানানো হয়। জীবনদায়ী ও জরুরি ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ, অ্যান্টিবায়োটিক, শিশুদের প্রয়োজনীয় ওষুধ, ইঞ্জেকশন ও শিরায় দেওয়ার তরলসহ জরুরি ওষুধের পর্যাপ্ত মজুত রাখার কথাও স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের পরীক্ষাগার, রোগ নির্ণয় ব্যবস্থা এবং জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নষ্ট যন্ত্রপাতি দ্রুত মেরামত বা প্রতিস্থাপনের দাবি জানানো হয়েছে।

জরুরি বিভাগে পর্যাপ্ত অক্সিজেন, রোগী পর্যবেক্ষণ ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা, স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়মিত হাসপাতাল পরিদর্শন এবং রোগীদের অভিযোগ জানানোর জন্য কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়।
এসইউসিআই-এর পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, হাইলাকান্দির মানুষ যাতে নির্ভরযোগ্য সরকারি চিকিৎসা পরিষেবা পান এবং চিকিৎসার জন্য জেলার বাইরে যেতে বাধ্য না হন, সে জন্য এস কে রায় সিভিল হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার দ্রুত উন্নয়ন প্রয়োজন। স্মারকপত্র প্রদানকারী প্রতিনিধি দলে ছিলেন সুশীল পাল, প্রভাষ চন্দ্র সরকার, আফজল হোসেন মজুমদার, শংকর গোয়ালা-সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *