শ্রাবণের সোমবারে বড় দুর্ঘটনা! বিহারের লখিসরাইয়ে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭, আহত বহু

Spread the news

১৭ আগস্ট : শ্রাবণ মাসের সোমবারের সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিহারের লখিসরাইয়ে (Lakhisarai temple stampede)। অশোক ধাম মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৭ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ অশোকধাম মন্দির ঢোকার প্রবেশপথের মুখেই ঘটনাটি ঘটে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হওয়ায় এ দিন মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। হাজার হাজার মানুষ শিবলিঙ্গে জলাভিষেকের জন্য অপেক্ষা করছিলেন। ভিড় বাড়তে বাড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার কারণ নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, মন্দিরের কাছে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই তারে বিদ্যুৎ রয়েছে বলে ভিড়ের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কিত ভক্তদের একাংশ হঠাৎ সরে যেতে শুরু করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।

অন্যদিকে, লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, বিপুল ভিড় সামলানোর জন্য প্রশাসনের তরফে আগে থেকেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এদিন ভিড়ের পরিমাণ ছিল প্রত্যাশার তুলনায় অনেক বেশি। তাঁর বক্তব্য অনুযায়ী, সকাল ৬টা ৩০ থেকে ৬টা ৪৫ মিনিটের মধ্যে দু’টি ট্রেন সেখানে পৌঁছয়। সেই ট্রেনে আসা বহু পুণ্যার্থী যার ফলে একসঙ্গে আরও বহু মানুষ মন্দিরের দিকে চলে আসেন। ভিড়ের চাপে একদিকে ব্যারিকেড ভেঙে যায় এবং কয়েকজন ভক্ত একে অপরের উপর পড়ে যান। প্রশাসন দ্রুত ঘটনাস্থল থেকে ১০-১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানিয়েছেন তিনি।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, মন্দিরের প্রবেশপথের কাছে প্রায় ১০০ জনের একটি দল ব্যারিকেডের দিকে চাপ সৃষ্টি করছিল। জায়গাটি ঢালু হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বাঁশের ব্যারিকেড ভেঙে পড়ার পর পিছন থেকে আসা ভিড়ের চাপে অনেকে মাটিতে পড়ে যান এবং তাঁদের উপর দিয়েই অন্যরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে প্রত্যক্ষদর্শীর এই দাবিগুলি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *