বরাক তরঙ্গ, ২১ জুন : সোনাইয়ে বসারত আলি লস্কর ও সুরুজ আলি বরভুইয়া স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ ছাত্র মজলিস ইছারপার দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সোনাপুর এফসিকে ৬-১ গোলে পরাজিত করেছে। সোনাই এনজি এইচএস স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ইছারপার দল।
জয়ী দলের হয়ে আবেদ হোসেন ১৫ ও ৩১ মিনিটে জোড়া গোল করেন। এরপর সাহারুক আহমেদ ৩৮ ও ৪০ মিনিটে পরপর দুটি গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। ম্যাচের ৫১ ও ৬০ মিনিটে গোলাম মোস্তফা আরও দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
পরাজিত সোনাপুর এফসির হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ফুইয়া। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য আবেদ হোসেনকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। মীর কাশিম লস্কর এবং রহিম উদ্দিন মজুমদার তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
আগামীকাল সোমবার এমএসএফসি সোনাই মুখোমুখি হবে ইয়ং স্টার সোনাইয়ের।



