ধলাইয়ে যুবতীর শ্লীলতাহানির চেষ্টা, পশু চিকিৎসকের বিরুদ্ধে এজাহার, সরব মৈরা পাইবি

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : একাকিত্বের সুযোগ নিয়ে এক যুবতীর সঙ্গে অপকর্মের চেষ্টার অভিযোগ উঠল এক পশু চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ধলাই থানা এলাকার মালুগ্রামের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ধলাই থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগের পর থেকেই অভিযুক্ত চিকিৎসক পলাতক বলে জানা গিয়েছে।

যুবতীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ১৮ অক্টোবর রাতে পূজা দেখে বাড়ি ফেরার সময় প্রতিবেশী এক পশু চিকিৎসক তাঁর সঙ্গে অপকর্মের চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, ওই যুবতী মণিপুরি সম্প্রদায়ের। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে যুবতীর পরিবারের সদস্যরা বিষয়টি ধলাই থানার পুলিশকে জানান এবং অভিযুক্তের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

এজাহারের ভিত্তিতে পুলিশ অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করে তদন্ত শুরু করেছে। ঘটনার সাত দিন পর, শনিবার অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মালুগ্রামের মৈরা পাইবি সংগঠনের সদস্যসহ অর্ধশতাধিক পুরুষ ও মহিলা ধলাই থানায় উপস্থিত হন। তাঁরা পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয়দের এই দাবির পরিপ্রেক্ষিতে ধলাই থানার অফিসার ইনচার্জ যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *