বরাক তরঙ্গ, ২১ আগস্ট : যৌথ অভিযানে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। বড়বেকরায় মণিপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে জিরিবাম জেলার টুপিধর এলাকায় প্রায় ২৭.২৮ কোটি মূল্যের মাদক উদ্ধার করে পাচারের চেষ্টা ব্যর্থ করা হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবা রাতে।
আসাম রাইফেলস সূত্রে জানা যায়, গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে মাদক পাচারকারীদের একটি নৌকায় করে বরাক নদী দিয়ে যাতায়াত করতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ বাহিনীর জওয়ানরা নৌকাটি আটক করেন। জওয়ানদের চ্যালেঞ্জের মুখে সন্দেহভাজনরা নৌকা ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধাওয়া করে ছয়জনকে আটক করতে সক্ষম হন।
অভিযানে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৯.৪১৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ কোটি। এছাড়াও চারটি সাবানের কেসে লুকিয়ে রাখা ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৮.৮০ লক্ষ। সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৭.২৮৮ কোটি। এছাড়াও মাদক পরিবহণে ব্যবহৃত একটি নৌকা এবং ছয়টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
আটক ছয়জনকে উদ্ধার হওয়া মাদক ও বাজেয়াপ্ত সামগ্রীর সঙ্গে পরবর্তী তদন্ত এবং এনডিপিএস আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়বেকরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযানে জিরিবাম এলাকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে।



