মাসদিন থেকে জলের তলায় রাস্তা সহ একাধিক ঘরবাড়ি, মামলা ধলাই থানায়

Spread the news

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করায় মাসদিন থেকে জলের তলায় রাস্তা সহ একাধিক ঘরবাড়ির চারিদিক। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ধলাইয়ের বনগ্রাম এলাকার জনগণ। এই জমাজল থেকে মুক্তি পেতে প্রশাসন সহ স্থানীয় মাতব্বর ব্যক্তিদের দ্বারস্থ হয়েও কোন সুরাহা হয়নি। সম্প্রতি কয়েক দিনের বৃষ্টিতে ভয়াবহ রূপ নেয় বনগ্রামের কমরুল ইসলাম রোড। সোমবার ইসলাম উদ্দিন লস্কর, সামসুল ইসলাম লস্কর, ছইফ উদ্দিন, পিয়ার উদ্দিন লস্কররা সাংবাদিক ডেকে এই দুর্ভোগের কথা তুলে ধরে সমাধানের দাবি জানান।

তাঁরা জানান, ময়বুর রহমান নামে এক ব্যক্তি বাড়ি বানাতে গিয়ে মাটি ফেলে জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়া এই সমস্যায় ভুগছেন। দীর্ঘদিন থেকে রাস্তার এক অংশ জলের তলায় স্থান করে নেওয়া বৃহত্তর এলাকার পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। মহিলা ও স্কুল ছাত্রীরা হাঁটুর ওপর কাপড় তুলে এই অংশ পার হতে বাধ্য হন। এ ছাড়া জলাবদ্ধতার জন্য বহু ঘর নষ্ট হতে চলেছে। গাছের চারা জলে নিচে পড়ে পঁচে যাচ্ছে। দুর্ভোগের পাশাপাশি ক্ষতিরও সম্মুখীন হচ্ছেন ভুক্তভোগীরা।

তাঁরা বলেন, আগে একই সমস্যা সৃষ্টি হলে স্থানীয় জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের আলোচনায় ময়বুর রহমান নিষ্কাশনের রাস্তা খুলে দিলে মানুষ রক্ষা পান। গত বছরের শুকনো মরসুমে তিনি গাড়ি দিয়ে ফের মাটি ফেলে এই কৃত্রিম বন্যার সৃষ্টি করেছেন। এতে বাধ্য হয়ে ময়বুর রহমানের বিরুদ্ধে  জনস্বার্থে তাঁরা ধলাই থানায় এক মামলা দায়ের করেন। প্রশাসন যথাযথ পদক্ষেপ করে সমস্যার সমাধানের জোরালো দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *