ধলাইখাল সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল এক ব্যক্তির, শিশু ও কিশোরীসহ আহত তিন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : ধলাইখাল সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন একই পরিবারের আরও তিন সদস্য, যাঁদের মধ্যে রয়েছে এক কিশোরী ও সাত মাসের এক শিশু। সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ জয়দনপুর হয়ে ধলাইখাল যাওয়ার পথে পাহাড়ি সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম আইনুল হক মাঝারভূইয়া (৬০)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাহাড়ি রাস্তার ঢাল বেয়ে ওঠানামার সময় অটোরিকশাটির ব্রেক ফেল করে বলে জানা গেছে। এর ফলে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি সড়কের উপর উল্টে যায়। ওই সময় গাড়িতে একই পরিবারের সদস্যরা ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে আইনুল হক মাঝারভূইয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কিন্তু গুয়াহাটির উদ্দেশে রওনা হওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন নার্গিস আক্তার মাঝারভূইয়া, আলমা বেগম মাঝারভূইয়া (১৩) এবং সাত মাসের শিশু আরহান মাঝারভূইয়া। বর্তমানে তাঁরা শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

পাহাড়ি সড়কে অটোরিকশার ব্রেক বিকল হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও, দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। একই পরিবারের এক সদস্যের মৃত্যু এবং তিনজনের আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *