গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী সহ ২

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মে : মাজুলিতে ২৫ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম অপরাজিতা হাজৰিকা। ঘটনাকে কেন্দ্র করে খুনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার, যার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, লখিমপুরের বাসিন্দা অপরাজিতার সঙ্গে প্রায় দশ বছর আগে মাজুলীর নিতুল নগরিয়ার বিয়ে হয়। তাঁদের একটি ছোট সন্তানও রয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনে অশান্তি চলছিল।

সূত্রের খবর, বুধবার গভীর রাতে শারীরিক অসুস্থতার কারণে অপরাজিতাকে গড়মুর শ্রীশ্রী পীতাম্বর দেব গোস্বামী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, তিনি গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন। তবে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

অপরদিকে, মৃতার স্বামী নিতুল নগরিয়া শ্বশুরবাড়ির লোকজনকে জানান যে অপরাজিতা বিষপান করেছিলেন। কিন্তু এই বক্তব্যে অসঙ্গতি থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মৃতার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁদের অভিযোগ, নিতুল নগরিয়া তিতাবরের এক বন্ধু রত্ন গগৈয়ের সহায়তায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর গড়মুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে নিতুল নগরিয়া এবং রত্ন গগৈকে আটক করেছে।

জানা গেছে, ঘটনার আগে টানা তিন দিন ধরে রত্ন গগৈ ওই দম্পতির বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *