রথযাত্রাকে ঘিরে পাথারকান্দিতে পুলিশের কড়া প্রস্তুতি, সমন্বয় সভায় নিরাপত্তায় জোর

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই:
আগামী ১৬ থেকে ২৪ জুলাই পর্যন্ত পাথারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে শ্রীশ্রী জগন্নাথ মহাপ্রভুর পবিত্র রথযাত্রা ও উল্টো রথ উৎসব। উৎসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা থাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে পাথারকান্দি পুলিশ।

সোমবার পাথারকান্দি থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজ্যোতি দেওরির সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রথযাত্রা কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য ও প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে রথযাত্রার নির্ধারিত রুট, শোভাযাত্রার সময়সূচি, যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, অতিরিক্ত জনসমাগম মোকাবিলা, নিরাপত্তা বেষ্টনী, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, জরুরি স্বাস্থ্য পরিষেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ওসি বিশ্বজ্যোতি দেওরি বলেন, রথযাত্রা ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ উৎসব। তাই শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করতে পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। তিনি সকল রথ কমিটিকে প্রশাসনের নির্দেশিকা মেনে চলা, পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং গুজব বা উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। কোনও সন্দেহজনক ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানানোরও অনুরোধ করেন তিনি।

রথ কমিটির প্রতিনিধিরা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, পাথারকান্দি, খালোপার, তিলভূম, লোয়াইরপোয়া ও আনিপুরসহ বিভিন্ন এলাকায় নয় দিনব্যাপী রথযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মসূচি ও মেলার আয়োজন করা হবে। প্রশাসনের আগাম প্রস্তুতিতে এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *