শিলচরের সমর্পিতা ‘ডান্স বেঙ্গল ডান্স’-এ ফার্স্ট রানার-আপ, মিঠুন চক্রবর্তীর হাত থেকে ট্রফি গ্রহণ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই :
শিলচরের সোনাই রোডের শরৎপল্লীর বাসিন্দা সমর্পিতা চৌধুরী পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘তারা বাংলা’র ‘ডান্স বেঙ্গল ডান্স’-এ ফার্স্ট রানার-আপ হয়ে শিলচরের মুখ উজ্জ্বল করেছেন। তিনি শিলচরের বাসিন্দা মৃদুল চৌধুরী ও স্মৃতি চৌধুরীর কন্যা।

সমর্পিতা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি একজন সফল নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই লক্ষ্যেই নিয়মিত অনুশীলনের পাশাপাশি শিলচর ও আসামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে একাধিক সাফল্য অর্জন করেছেন।

অনলাইন অডিশনে নির্বাচিত হওয়ার পর তিনি কলকাতায় গিয়ে টেলিভিশন রাউন্ডে অংশ নেন। গত ২৬ জুন থেকে সম্প্রচারিত এই রিয়েলিটি শো-তে ধারাবাহিকভাবে অসাধারণ নৃত্য পরিবেশন করে বিচারক ও দর্শকদের প্রশংসা কুড়ান। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি ফার্স্ট রানার-আপের সম্মান অর্জন করেন। পুরস্কার হিসেবে তিনি একটি চেক, একটি স্কুটির চাবি এবং একটি বড় এলইডি টেলিভিশন পান।

এই সাফল্যের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাত থেকে ট্রফি ও শংসাপত্র গ্রহণ করা। সমর্পিতার এই কৃতিত্বে শিলচরসহ সমগ্র বরাক উপত্যকায় আনন্দের আবহ তৈরি হয়েছে।
সমর্পিতার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুই অভিজ্ঞ নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শিল্পায়ন রায় এবং প্রদীপ দত্ত। তাঁদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় তাঁর নৃত্যশৈলী ও মঞ্চ পরিবেশনা আরও পরিণত হয়েছে।
সমর্পিতার মা স্মৃতি চৌধুরী জানান, ছোটবেলা থেকেই মেয়ের নাচের প্রতি প্রবল আগ্রহ ছিল। বর্তমানে সে রামানুজ বিদ্যা মন্দিরের সপ্তম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি নিয়মিত নৃত্যচর্চা চালিয়ে যাচ্ছে।

ভবিষ্যতে আরও বড় মঞ্চে সাফল্য অর্জন করে বরাক উপত্যকার নাম দেশজুড়ে উজ্জ্বল করতে চান বলে জানিয়েছেন সমর্পিতা। এই সাফল্যের জন্য তিনি তাঁর পরিবার, শিক্ষক, প্রশিক্ষক এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *