শাসক দলের প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ কংগ্রেসের, গণতান্ত্রিক অধিকার ও জনস্বার্থের ইস্যুতে সরব জেলা নেতৃত্ব

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শিলচরে বিজেপির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে পাল্টা সরব হল জেলা কংগ্রেস। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রতিবাদ কর্মসূচির তীব্র সমালোচনা করার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার এবং বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যু নিয়ে শাসক দলকে নিশানা করেন কংগ্রেস নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের নেতারা বলেন, ভারতের রাজনৈতিক ইতিহাসে শাসক দলের বিরোধী দলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে নামার ঘটনা অত্যন্ত বিরল। তাঁদের বক্তব্য, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার প্রত্যেক রাজনৈতিক দলের রয়েছে। সাধারণত শাসক দলের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীরাই প্রতিবাদ জানিয়ে থাকে। কিন্তু বর্তমানে বিরোধীদের প্রতিবাদের বিরুদ্ধে শাসক দলের পাল্টা প্রতিবাদ কর্মসূচিতে নামাকে হাস্যকর বলে কটাক্ষ করেন তাঁরা।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বর্তমানে দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে এসআইআর, ভোট চুরির অভিযোগ এবং গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দেশজুড়ে বিতর্ক অব্যাহত রয়েছে। এই সমস্ত বিষয় থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতেই শাসক দল রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *