রামকৃষ্ণনগরের ফানাইরবন্দে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই যুবকের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর: শারদোৎসবের আনন্দের মাঝেই পঞ্চমীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগরের দুল্লভছড়া-নিভিয়া সড়কের ফানাইরবন্দ এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী দুই যুবকের। মৃতরা হলেন চেরাগি গ্রামের বাসিন্দা শিবম নাথ ও বিট্টু লোহার। এই ঘটনাকে কেন্দ্র করে চেরাগি গ্রামসহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বৃহস্পতিবার মহাপঞ্চমীর সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ শিবম নাথ ও বিট্টু লোহার বাইকে করে দুল্লভছড়া থেকে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। ফানাইরবন্দ এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই যুবক ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ ও রামকৃষ্ণনগরের সিডিএসপি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য দুল্লভছড়া মডেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ঘাতক গাড়িটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *