১২৫ বছরে ইন্ডিয়া ক্লাব: সোনাইয়ে শুরু সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট :
শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে শুরু হচ্ছে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতা। আগামী ২২ আগস্ট সোনাই নিত্যগোপাল এইচ এস স্কুলের খেলার মাঠে টুর্নামেন্টের সূচনা হবে। এর স্পনসরে রয়েছে সোস্যাল কালচারেল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট।

চারটি জোনে আয়োজিত হবে এই ফুটবল প্রতিযোগিতা। জোনগুলি হল—সোনাই, শিলচর, ঊধারবন্দ ও বদরপুর। প্রতিটি জোনে আটটি করে দল অংশ নেবে। জোন পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

জোন পর্যায়ের চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। মূল পর্বের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ২৫ হাজার টাকা, আর রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা। পাশাপাশি বিভিন্ন বিভাগে থাকছে আরও একাধিক পুরস্কার।

ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিকদের ডেকে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ইন্ডিয়া ক্লাবের সভাপতি অমিত দত্ত ও সচিব সুমন্ত দাস। উপস্থিত ছিলেন বাবুল হোড়, সত্যসুন্দর চৌধুরী, পিনাকপানি দে, কৃষ্ণেন্দু রায় এবং সোনাই জোনের আহ্বায়ক বদর উদ্দিন মজুমদার। স্পনসর প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন রাজেশ দেব।

ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছরের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে তুলতেই এই প্রতিযোগিতার আয়োজন। সাংবাদিকদের সামনে আয়োজকরা আশা প্রকাশ করেন বলেন, অনূর্ধ্ব-১৯ এই ফুটবল আসর শুধু তরুণ প্রতিভাদের সামনে উঠে আসার একটি মঞ্চ তৈরি করবে না, বরং বরাক উপত্যকায় ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও উদ্দীপনাকেও আরও জোরদার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *