ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : জেকে বরুয়া ট্রফি অনূর্ধ্ব-১৯ আন্তঃজেলা ক্রিকেটের প্লেট গ্রুপে জয় তুলে নিয়ে মূল পর্বের আরও কাছে পৌঁছে গেল শিলচর। উমরাংশুতে বুধবার লক্ষীপুরকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল শিলচর দল।
টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে শিলচর। দলের হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন শুভ পাল (৭৩) এবং অনিকেত বাসফর (৫৪)। তাঁদের কার্যকর ইনিংসের সুবাদে শিলচর লড়াইয়ের জন্য শক্ত ভিত গড়ে তোলে।
জবাবে শিলচরের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি লক্ষীপুরের ব্যাটিং লাইনআপ। মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় তাদের ইনিংস। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন অনুরাগ সিনহা, তিনি একাই তুলে নেন ৬টি উইকেট। তাঁকে দারুণভাবে সহযোগিতা করেন ঋত্বিক ধর, তাঁর ঝুলিতে যায় ৩টি উইকেট। ফলে মাত্র ৫৪ রানেই লক্ষীপুরের ইনিংস গুটিয়ে দিয়ে ২২২ রানের বড় জয় নিশ্চিত করে শিলচর।
এটি প্রতিযোগিতায় শিলচরের টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে কার্বি আংলংকে ৪ রানে হারিয়েছিল তারা। ফলে পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে প্লেট গ্রুপ থেকে মূল পর্বের দৌড়ে এখন বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছল শিলচর।



