মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপমের ২৫ হাজার টাকার অনুদান, ডিসির হাতে জনস্বার্থমূলক স্মারকলিপি

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : উজান অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে শিলচরের অন্যতম প্রাচীন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘রূপম’। শুক্রবার সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে ২৫ হাজার টাকার একটি চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রূপমের কার্যকরী সভাপতি রাজকুমার পাল, প্রবীণ সদস্য সুধাংশু দাস এবং সহ-সম্পাদক কাজল কর্মকার।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রূপমের সদস্যরা মাত্র একদিনের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করেছেন। আপার আসামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত রূপম দীর্ঘদিন ধরে সমাজসেবা, সংস্কৃতি, ক্রীড়া ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অতীতেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ ও অনুদান প্রদানের নজির রয়েছে বলে সংস্থার পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

এদিন রূপমের একটি প্রতিনিধি দল নবনিযুক্ত জেলা কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানায়। পরে সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল শিলচর শহরের বিভিন্ন জনস্বার্থ-সংশ্লিষ্ট সমস্যা নিয়ে জেলা কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং একটি স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজারে কঠোর নজরদারি, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চলমান সড়ক সংস্কারের গুণগত মান নিশ্চিতকরণ এবং জেলা গ্রন্থাগার অডিটোরিয়ামের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য স্বল্প ভাড়ায় ব্যবহারের সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি শিলচর শহরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

জেলা কমিশনার প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জানান, শীঘ্রই শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। সেখানে রূপমকেও আমন্ত্রণ জানানো হবে এবং শহরের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত গ্রহণ করা হবে। ফুটপাত দখলের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *