রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে সেন্ট্রাল রোডের বেহাল দশার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামলেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। ভাওয়াল পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় দেড় বছর ধরে সেন্ট্রাল রোডের খানাখন্দে ভরা অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। একাধিকবার দাবি জানানোর পর সম্প্রতি রাস্তার গর্তে ব্লক বসিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুর্গাপুজোর মরশুমে সেই ব্লকও তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ব্যবসায়ীদের দাবি, রাস্তার বেহাল অবস্থার পাশাপাশি প্রতিদিন ধুলো উড়ছে। এতে দোকানের পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি ধুলোর কারণে ক্রেতারাও দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন। ফলে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।

এই পরিস্থিতিতে বাধ্য হয়েই সড়ক অবরোধ করে আন্দোলনে নামতে হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর বিভাগীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। আগামী তিন দিনের মধ্যে রাস্তা মেরামতের কাজ শুরু করার আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেন তাঁরা।
তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তিন দিনের মধ্যে সংস্কারের কাজ শুরু না হলে চতুর্থ দিন থেকে ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
প্রাক্তন ভিএইচপি নেতা মিঠুন নাথ আন্দোলনে সামিল হয়ে বলেন, কখনও সিসি ব্লক বসাচ্ছে আবার উঠিয়ে নিচ্ছে প্রশাসন। সড়ক সংস্কারের নামে ছেলেখেলা চলছে। তিনি বলেন, পুজোর মরসুমে ব্যবসায়ীরা তাঁদের ব্যবসায় মার খাচ্ছে। ধুলোর ঝড়ে অসুস্থ হয়ে পড়ছেন স্থানীয় নাগরিক সহ ব্যবসায়ীরা। কেন তিলে তিলে মারা হচ্ছে প্রশ্ন তুলেন তিনি।




