সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু, ডলু মহাসড়ক অবরোধ, উত্তেজনা

Spread the news

হাসপাতালে নিয়ে যাবে বলে মাঝ রাস্তায়  ফেলে যায় দুর্ঘটনায় আহত মহিলাকে অটোচালক

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : অটো চালকের অমানবিক কাণ্ড। মহিলাকে ধাক্কা মেরে আহত করে হাসপাতালে নিয়ে যাবে বলে মাঝ রাস্তায় জঙ্গলে ফেলে চলে যায়। পরবর্তীতে খবর পেয়ে মহিলার পরিবারের লোকরা মেডিক্যাল নিয়ে গেলে শুক্রবার মহিলার মৃত্যু ঘটে। এ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয়ে উঠল ডলু মহাসড়ক। দুর্ঘটনার জন্য দায়ী অটোচালককে আটক করে কঠোর শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আটকে পড়েন বহু যাত্রী।

জানা গেছে, বড়খলার কালীনগর এলাকার বাসিন্দা প্রায় ৬০ বছর বয়সি পূর্ণিমা সিংহকে বৃহস্পতিবার দুপুরে একটি দ্রুতগতির অটো সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মহিলাটি ডলু মহাসড়কের ওপর পড়ে যান। অভিযোগ, দুর্ঘটনার পর অটোচালক তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলে ময়নাগড় এলাকায় রাস্তার পাশে একটি জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে রাতে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসে। খবর দেওয়া হয় পূর্ণিমা সিংহের পরিবারের সদস্যদের। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শুক্রবার দুপুর ১টা থেকে স্থানীয় বাসিন্দারা ডলু মহাসড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হন। তাঁদের দাবি, দুর্ঘটনার জন্য দায়ী অটোচালককে দ্রুত আটক করে আইনি ব্যবস্থা নিতে হবে এবং দোষীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে, মহাসড়ক অবরোধের কারণে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *