রামেন্দ্র নারায়ণ ব্রহ্মচারীর মৃত্যুতে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মচারী সংস্থার শোক

Spread the news

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিএ (কনফিডেনসিয়াল অ্যাসিস্ট্যান্ট) রামেন্দ্র নারায়ণ ব্রহ্মচারীর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে কাছাড় জেলা প্রশাসন অবসরপ্রাপ্ত কর্মচারী সংস্থা। সংস্থার সভাপতি মিলন উদ্দিন লস্কর ও সম্পাদক সত্যজ্যোতি দেব এক শোকবার্তায় প্রয়াত ব্রহ্মচারীর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেন, প্রয়াত ব্রহ্মচারী শুধু একজন দক্ষ কর্মচারীই ছিলেন না, তিনি ছিলেন একজন আন্তরিক সহকর্মীও। জেলা আয়ুক্তের বাংলো কার্যালয়ে যেকোনও বিভাগের কর্মচারী কিংবা সাধারণ মানুষ কোনও কাজে গেলে তিনি তাঁদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সৌজন্যপূর্ণ ব্যবহার করতেন।

তিনি যেসব জেলা আয়ুক্তের সঙ্গে কাজ করেছেন, তাঁদের প্রত্যেকেই তাঁর কর্মদক্ষতা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করেছেন বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

রামেন্দ্র নারায়ণ ব্রহ্মচারী ২০০৬ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি শিলচরের মালুগ্রামের বাসিন্দা হলেও অবসর গ্রহণের পর কলকাতার সোনারপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত ৩০ সেপ্টেম্বর রাত ৯-১৫ মিনিটে কলকাতায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা-সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ব্রহ্মচারী মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর সংবাদ শিলচরে পৌঁছানোর পর জেলা আয়ুক্ত কার্যালয়-সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *