বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৃহত্তর রংপুরের বাসিন্দারা। সদ্যসমাপ্ত শিলচর পুরনিগম নির্বাচনের প্রচারে এসে দুর্গাপুজোর সময় শিলচরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সর্বাধিক ভোটে জয়ী ওয়ার্ডে প্রথমবার পা রাখার আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতিকে ঘিরেই এখন প্রত্যাশা বাড়ছে পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডে।
উল্লেখ্য, শিলচর পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী দীপক দাস সর্বাধিক ভোট পেয়ে জয়ী হয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, এবারের দুর্গাপুজোয় রংপুরের ৫ নম্বর ওয়ার্ডের দুর্গাপুজো মণ্ডপে তাঁর আগমন ঘটতে পারে বলে আশা করছেন এলাকাবাসীরা।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, মুখ্যমন্ত্রী রংপুরে এসে তাঁদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেবেন। পাশাপাশি, এলাকার উন্নয়নের স্বার্থে বিশেষ কোনও ঘোষণা বা উপহারও দিতে পারেন তিনি বলে আশা তাঁদের। এলাকাবাসীদের কথায়, ‘মামা কথা দিলে কথা রাখেন।’ তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আশায় দিন গুনছেন তাঁরা।

অন্যদিকে, নির্বাচনে বিপুল ভোটে জয়ী করায় ওয়ার্ডের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত কাউন্সিলর দীপক দাস। এলাকার মানুষের আস্থা ও সমর্থনকে মর্যাদা দিয়ে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিনের সভায় এলাকাবাসীদের পক্ষে উপস্থিত ছিলেন মিনু নাথ, ষষ্ঠী বর্মণ, রণয় কুমার দাস, পিঙ্কু দাস, কালীকুমার দাস ও মণিদীপ দাস।



