বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : রামকৃষ্ণ মিশনের আদর্শ ও সাংস্কৃতিক চেতনাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে শিলকুড়ি কেন্দ্রে নির্মিত হতে চলেছে একটি সাংস্কৃতিক কেন্দ্র। বৃহস্পতিবার শিলচর লোকসভা আসনের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাঁর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত ২০ লক্ষ টাকা ব্যয়ে প্রস্তাবিত এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন শিলচর কেন্দ্রের সম্পাদক স্বামী গান্ধীশানন্দ মহারাজ, প্রাক্তন জেলা সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, শিলকুড়ি কেন্দ্রের সভাপতি অনিল দাস, সম্পাদক রসরাজ দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ভক্তবৃন্দ।
রামকৃষ্ণ মিশনের সেবা, শিক্ষা ও আধ্যাত্মিক আদর্শের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রসারেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, নৈতিক মূল্যবোধ ও মননশীলতার বিকাশে ভবিষ্যতে এই সাংস্কৃতিক কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ পরিসর হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তায় গৃহীত এই উদ্যোগ শিলকুড়ি কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রসারেও নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।




