মাসের শুরুতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তিন বড় ঘোষণা

Spread the news

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : মাসের শুরুতেই অসমবাসীর জন্য তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে পোস্ট করে এই তিন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অসমের যুবপ্রজন্ম, দক্ষতা উন্নয়ন এবং বন্যাকবলিত পরিবারের স্বার্থে সরকার তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। যুবক-যুবতীদের নতুন আশায় শক্তি জোগাতে চালু করা হবে ‘মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা যোজনা’। পাশাপাশি, জাপানি ভাষার প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে CM-FLIGHT। অন্যদিকে, বন্যাকবলিত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা অব্যাহত রাখবে সরকার।

মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা যোজনা-র মাধ্যমে সদ্য স্নাতকদের এক বছর পর্যন্ত প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি বছরে এই প্রকল্পের আওতায় মোট ১১৮.৬ কোটি টাকা বিতরণ করা হবে।

অন্যদিকে, CM-FLIGHT-এর অধীনে জাপানি ভাষার প্রশিক্ষণপ্রাপ্তদের তিন কিস্তিতে মোট ১ লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাকরি পাওয়ার পর আরও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অবশিষ্ট বন্যাকবলিত পরিবারগুলির জন্য অন্তর্বর্তীকালীন সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১২,২৫৯টি পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *