শপথ গ্রহণের দিনে আবেগাপ্লুত হিমন্ত, বাবাকে স্মরণ

Spread the news

গুয়াহাটি থেকে মোহাম্মদ জনি।
বরাক তরঙ্গ, ১২ মে : অসমের রাজনৈতিক ইতিহাসে মঙ্গলবার দিনটি এক ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে রইল। গুয়াহাটির খানাপাড়া মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর মা, স্ত্রী ও দুই সন্তান। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিবারের সদস্যদের পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরিবারের ভালোবাসা ও সমর্থনই তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও পরিবারের আশীর্বাদ তাঁকে সবসময় এগিয়ে চলার সাহস জুগিয়েছে।

আবেগঘন বক্তব্যে প্রয়াত বাবাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর বাবার শিক্ষা, সততা ও আদর্শ আজও তাঁকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে। পাশাপাশি মায়ের ত্যাগ, আশীর্বাদ ও নিরন্তর প্রার্থনার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, অসমবাসীর বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তিনি আবারও এই দায়িত্ব পেয়েছেন। আগামী দিনেও নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বৃদ্ধা মাকে হুইলচেয়ারে করে নিয়ে আসার দৃশ্য উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়। রাজনৈতিক জাঁকজমকের মাঝেও পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা ও আবেগ অনুষ্ঠানটিকে আরও মানবিক ও স্মরণীয় করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *